স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ নগরীতে মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। দিগারকান্দা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে কোতোয়ালী মডেল থানার আওতাধীন ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক দিকনির্দেশনায় এবং ডিবি (দক্ষিণ)-এর ওসি মুহাম্মাদ মাহবুবুল হকের তত্ত্বাবধানে এসআই (নিঃ) পিন্টু কুমার রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে জামালপুর সদর উপজেলার জালিরা গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান (৫০) আটক হন।
অভিযান চলাকালে তার কাছ থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় মাদক বহনে ব্যবহৃত প্রায় ২ লাখ ১৫ হাজার টাকা মূল্যমানের একটি স্কুটি। উদ্ধারকৃত আলামতের মোট আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, স্কুটিযোগে ইয়াবা বহন করে ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় সরবরাহের উদ্দেশ্যে তিনি সেখানে অবস্থান করছিলেন।
ডিবি পুলিশের তথ্যমতে, খলিলুর রহমানের বিরুদ্ধে এর আগেও চারটি মামলা রয়েছে। তদন্তে তার দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। এ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
ঘটনার পর উদ্ধার হওয়া ইয়াবা ও স্কুটি জব্দ করে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
দেশ বাংলা টিভি ডেক্স